নোয়াখালী জেলার বেগমগঞ্জে মোরশেদ আলম খান (৩২) নামে একযুবলীগ নেতাকে গুলি করেছে ছাত্রলীগ ক্যাডাররা।

শুক্রবার দিবাগত রাতে এ গুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও লিবিয়া প্রবাসী মোরশেদ আলম খান (৩২) নামের এক যুবলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে উরু ও পেটে গুলি করে।

একই ইউনিয়নের ২নং ওয়ার্ড লন্ডন মার্কেট এলাকার ছাত্রলীগের ক্যাডার বাপ্পি (২৬) তাকে গুলি করেছে বলে গুলিবিদ্ধ মোরশেদ জানিয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পৌরণবিবি উত্তর বাজারে পুলের উপর সহপাঠী জাহাঙ্গীর ও খোকনের সাথে আড্ডার সময় এ গুলির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোরশেদকে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম ছারওয়ার রুবেল স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের প্রাইভেট ক্লিনিক ইনসাফ হসপিটালে ভর্তি করে।

আহত মোরশেদ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের চৌধুরী ডিলার বাড়ীর সুলতান আহমেদের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদ জানান, চাঁদাবাজ সন্ত্রাসী বাপ্পির চাচা কাজী খলিল ও তার সহযোগী বাদল, জামান, টোকন ঢাকাস্থ মাহতাব সেন্টারে প্রাইম টাওয়ার ইন্টারন্যাশনালে আদম ব্যবসার দালাল হিসেবে লিবিয়া পাঠানোর কথা বলে নিরীহ লোকদের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ টাকার জন্য উদ্ধারের জন্য চাপ দিলে ভাতিজা বাপ্পি সহ ভায়াটিয়া সন্ত্রাসী চাঁদাবাজদের দিয়ে ভিকটিম মোরশেদকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধের ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা,৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ