বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) ও বৃহত্তর কুমিল্লাসহ ৬টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলার বেগমগঞ্জের প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহানী পৌরসভাসহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ও জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এসময় মানববন্ধন থেকে শ্লোগান দিতে থাকে আমাদের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই।

সোমবার সকাল ১১টায় নোয়াখালী-৩ ( বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ কিরনের নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে চারদিকে দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী জেলা প্রশাসক বদরে মনির ফৌরদোস বরাবরে স্থানীয় রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে স্মারক লিপি প্রদান করেন সংসদ সদস্য ও বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ কিরন।

মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তফন চন্দ্র মজুমদার, আওয়ামীলীগ নেতা বিনয় কিশোর রায়, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি আবু বকর সিদ্দিক টিপু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান, চৌমুহনী প্রেসক্লাব সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন, সাবেক সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু, উপজেলা যুবলীগের সেক্রেটারি নুর হোসেন মাসুদ, পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল্যাহ আল ফারুক, সম্পাদক শফি উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব উল্যাহ ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরিয়ত উল্যাহসহ বেগমগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সুশিল সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সর্বস্তরের লোকজন এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে দাবি জানানো হয়, দেশের আঞ্চলিক অবস্থান ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জেলা নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি। তাই বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) ও বৃহত্তর কুমিল্লা সহ ৬টি জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।

এসএইচ