গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সা চালকসহ তিনজন আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে অটোরিক্সা চালকের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলের এই ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহত রিক্সা চালকের নাম আনিছ (৩৫)। সে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় বসবাস করতো। আটক ট্রাক চালকের নাম আল আমিন (২৫)। সে টাঙ্গাইলের কালীহাতি থানার দূর্গাপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে।

জিএমপি’র বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘোড়াশাল কারখানা থেকে সার বোঝাই করে মঙ্গলবার একটি ট্রাক লালমনিরহাট যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ভুলতা-নাওজোর সড়কের (ঢাকা বাইপাস) গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকায় পৌছে। এসময় ভোগড়া বাইপাস মোড় গামী ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোরিক্সা হঠাৎ ডিভাইডারের ফাঁক দিয়ে বিপরীত দিক থেকে উল্টো পথে চলে এলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ওই অটোরিক্সাকে চাপা দেয়। এতে চালকসহ অটোরিক্সার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর একজন আহত হয়।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি