অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শাবি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীই কথা বলবেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিলেট মহানগরীর রিকাবিবাজারে রিকাবিবাজার-মিরেরময়দান সড়ক প্রশস্থকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
সিলেট সিটি করপোরেশনের নিজস্ব প্রকল্পের আওতায় সড়কটি প্রশস্থ করা হচ্ছে। এ কাজে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। সড়কটি ১০ ফুট থেকে ২০ ফুটে উন্নীত হচ্ছে।
সড়ক প্রশস্থ করতে গিয়ে অনেক গাছ কাটতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাধ্য হয়ে গাছগুলো কেটে ফেলতে হয়েছে। তবে সড়কটি প্রশস্থ হয়ে গেলে সড়কের পাশেই গাছ লাগানো হবে। এছাড়া সড়কের মধ্যবর্তী ডিভাইডারের মধ্যেও গাছ লাগানো হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
কেএইচ





