খুলনায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাইকে (৫৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হাই কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে কর্মরত ছিলেন। তিনি মৃত শেখ শহর আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আব্দুল হাইকে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুল হাই বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

ওসি জানান, আব্দুল হাই এর দুই স্ত্রী রয়েছে। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএনজে