যশোরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আজ রোববার ভোর রাতে শীর্ষ মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম ওরফে হাতকাটা আজিজুল (৪০) এবং ফারুক হোসেন নামের দুই সহোদর ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের মধ্যে একজন বন্দুকযুদ্ধে এবং অপরজন দুর্বৃত্তদের হামলায় নিহত হয় বলে জানায় পুলিশ। তারা সামটা গ্রামের জেহের আলীর ছেলে

শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, শার্শা উপজেলার সামটা গ্রামে আজ ভোর রাতে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে 'বন্দুকযুদ্ধ' চলছে এ ধরনের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি জানান, নিহতের বিরুদ্ধে শার্শা থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

এদিকে 'ব্ন্দুকযুদ্ধে' নিহত আজিজুলের ভাই ফারুক হোসেনের মৃতদেহ কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি মো: শাহীন জানান, কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রাম থেকে ফারুক হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


নাসির/জেড