নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একটি টয়লেটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার দুপুরে এই বিস্ফোরণের পর আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই ঘটনায় চম্পা বেগম নামের এক ভিক্ষুককে আটক করা হয়েছে বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হাওলাদার জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে। এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিস্ফোরণের পরপরই আদালতপাড়ার মূল ফটক তালাবন্ধ করে নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও বিচার প্রার্থীদেরও দেহ তল্লাশির পর আদালত চত্বরে ঢুকতে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক টয়লেটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টয়লেটের ভেনটিলেটরের কাঁচ ভেঙে গেছে। সেখানে এক টাকার বেশ কয়েকটি কয়েন পড়েছিল এবং প্রচুর বারুদের গন্ধ বেরোচ্ছিল ওই টয়লেট থেকে। “আমরা ভেবেছিলাম বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটেছে। বোমার বিস্ফোরণ ঘটবে তা আমরা ভাবতে পারেনি। এর আগে আমাদের আইনজীবীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জজ কোর্টে বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়েছিল ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, জেলা ও দায়রা জজ আদালতে শীতকালীন ছুটি থাকায় বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
এই ঘটনার সঙ্গে দুই আইনজীবীকে মোবাইলে এসএমএসে হুমকি দেওয়ার ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন তিনি।
“আদালতের নিরাপত্তার ব্যাপারে আমরা আগেই বলেছিলাম। পুলিশ প্রশাসন থেকে আরো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল,” বলেন আইনজীবীদের এই নেতা।
জেআই





