ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (বুধবার) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান। এর আগে আজ সকালে হাইকোর্ট ৩ মাসের জন্য ডিএনসিসি’র সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত আদেশ দেয়ার পর ইসি এ সিদ্ধান্ত নেয়।
ইসির সচিব বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করেছেন। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আইনী কোনো ঘাটতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আইনী কোনো কমতি ছিল বলে আমাদের মনে হয়নি। সকল প্রস্তুতি নিয়েই আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলাম।
আপিল করবেন কি না জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আদালত থেকে লিখিত আদেশ পেয়ে কমিশন আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে। আশাকরি আজকে বিকেলের মধ্য রায়ের কপি আমরা পেয়ে যাবো।
যারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত মেয়র পদে ১৯, সাধারণ কাউন্সিলর পদে ৪১২ ও সংরক্ষিত পদের জন্য ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদের কেউ এখনো মনোনয়ন জমা দেননি। মাত্র দুইজন সাধারণ কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছেন। পরবর্তীতে তফসিল এটাই থাকবে শুধু নির্বাচনের তারিখটি পিছাবে।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে না।
তাহলে এখন কি কারোর মনোনয়ন জমা নেয়া বা দেয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু গণমাধ্যমের মাধ্যমে অামরা জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন। তাই এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এমবি





