বিশিষ্ট লেখক, কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে একদল লোক তাকে অপহরণ করে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
জানা যায়, আজ ভোর ৫টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে নিচে আসতে বলে। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে। তিনি ৫.২৯ মিনিটে একটি অপরিচিত ফোন থেকে তার স্ত্রী ফরিদা আক্তারকে জানান, তাকে অপহরণ করা হয়েছে। অপহৃতরা তার কাছে ৩৫ লাখ টাকা দাবি করেছে।
বেলা ১২টার দিকে আবারো ফরহাদ মজহার ফোন করে তার স্ত্রীকে জানান, তাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম একটি ঘটনা শুনলাম এ বিষয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।
আদাবর থানা সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় থানায় এসে অভিযোগ করেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোর চারটার দিকে পরিচিত এক লোকের ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর তার সঙ্গে যোগাযোগ হয়নি।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদ্স্যরা তার বাসায় গেছেন।
উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভারতে গো রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদ জানান। এই সংবাদ সম্মেলনের উদ্যোক্তা আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসা গতকাল ভোর থেকেই ঘিরে রাখে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এমনটা করা হয়েছিল বলে তারাঁ জানান। বিষয়টি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলে মাহমুদুর রহমানের বাসা ঘিরে রাখা সদস্যদের সরিয়ে নেয়া হয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন সমাজ চিন্তক, কবি ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। এরপরই আজ (০২ জুলাই) ভোরে অপহৃত হন তিনি।
এমবি





