প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে, মানুষকে পুড়িয়ে মেরে, একটি শিশুও যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না- তারা কি পায় আমার বোধগম্য নয়।
চলমান নাশকতার ভয়াবহতা নিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নিরীহ মানুষকে হত্যা কোন ভাবে মেনে নেয়া যায় না। জঘন্য ও বিভৎস হত্যাকাণ্ড বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, তাদের সঙ্গে একসঙ্গে বসতে বলবেন না। এটি আমার জন্য সবচেয়ে কষ্টের। আমাকেও তো তারা হত্যা করতে চেয়েছিল।
পেট্রোল বোমায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও অন্যান্য সহযোগিতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার পেট্রোল বোমায় অগ্নিদগ্ধদের সহযোগিতা করে যাচ্ছে। প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছি। যাদের বাস, গাড়ি পুড়ে যাচ্ছে তাদেরও সহায়তা দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, কেন মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে? যারা ইসলামের নামে এসব করে তারা কি মানুষ? ধর্ম কি মানুষকে এসব নাশকতা করতে বলে?’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের মায়ের কান্না কি তার (খালেদা জিয়া) বুকে ধরে না। এই যে মায়েরা কাঁদছে, তার কোনো অনুভূতি কি তার মধ্যে আছে? এই নির্মমভাবে মানুষ হত্যা করা কখনই মেনে নেয়া যায় না।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি বিদ্যমান, আমরা ২০০১ সালের নির্বাচনের পর একই অবস্থা দেখেছিলাম। সে সময় ছয় বছরের কন্যাশিশুকেও ধর্ষণ করা হয়েছিল, কারণ তার বাবা-মা নৌকায় ভোট দিয়োছিল।
এআর





