নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ও নাগেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- গোলাকান্দাইল এলাকার আলী আহাম্মেদের ছেলে আলমগীর মিয়া (২৬), জালাল উদ্দিনের ছেলে জসিম (২৮), মৃত মোহাম্মদ আলীর ছেলে হানিফ (২৮), আব্দুল জব্বার মেম্বারের ছেলে ইয়াছিন (৩২) ও ইমামুল হকের ছেলে মাসুম (২৬)।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সন্ধ্যায় নাগেরবাগ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ রাত ৮টার দিকে গোলাকান্দাইল ও নাগেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে।

আটক সবাইকে বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

কেএইচ