আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে যেন কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সেদিকে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন সড়ক আইন কার্যকরে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে নির্দেশ দেয়া হয়েছে। সবাই নিয়ম মত সড়কে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হবে না।

পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্‌ধ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, আজ থেকে নতুন সড়ক আইন প্রয়োগ হয়েছে। এই আইনের কয়েকটি ধারায় আপত্তি পরিবহণ মালিকদের। এই আইন কার্যকরের প্রতিবাদে দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন পরিবহণ শ্রমিকরা। কোনো কোনো জায়গায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন তারা।

এএস