দেশের বৃহৎ পাথর কোয়ারী ভোলাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে অবৈধভাবে পাথর তোলার সময় আনসার সদস্যদের গুলিতে এক পাথর শ্রমিকের নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ভোলাগঞ্জের রেলওয়ে রজ্জুপথের (রুফওয়ে) সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাথর শ্রমিক জহুর আহমদ (৪০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার মৃত ফয়জুল ইসলামের ছেলে। তিনি ভোলাগঞ্জ গুচ্ছগ্রামে থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, রেলওয়ে রজ্জুপথের সংরক্ষিত এলাকা থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র।

প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৫/৬ জন শ্রমিক সেখান থেকে পাথর উত্তোলন করতে থাকেন। এসময় বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের বাধা দেন।

আনসারদের লক্ষ্য করে পাথর ছুড়লে তারা উল্টো গুলি চালায়। এতে জহুর আহমদ গুলিবিদ্ধ হন।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ