ঝিনাইদহে নাশকতা এড়াতে শিবিরের পৌর সেক্রেটারি আনোয়ারুল ইসলামসহ ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও বগুড়ায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। এসময় ১১ জনকে আটক করে পুলিশ।

ঝিনাইদহে আটককৃতদের মধ্যে সদর থানা থেকে ৫, হরিণাকুণ্ডু থেকে ৪ ও মহেশপুর থেকে ৪ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।

এদিকে ঝিনাইদহে প্রথম দিনের হরতালে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।

তবে হরতালের কারণে জেলায় দূরপাল্লাসহ স্থানীয় সকল রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এছাড়া বগুড়া শহরের কয়েকটি এলাকায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা। এ সময়  পুলিশ ১১ জনকে আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় শহরের খান্দারে হরতালের সমর্থনে শিবিরের শহর শাখার সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।

সকাল ৮টায় চারমাথা-গোদারপাড়ায় মিছিল করে জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ৯টায় শহরের সাবগ্রামে জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় তারা দ্বিতীয় বাইপাস সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।

এমকে