জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় প্রেস ক্লাবের রিসিপশনের সামনে ম্যুরালটির উন্মোচন হয়।

শ্বেত পাথরে খোদাই করা ম্যুরালটির উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আওয়ামী পন্থী অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক গোলাম সরওয়ার, ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যুরাল উন্মোচনের পর সেখানে অন্যান্য সাংবাদিকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধুর পরিবারে অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

প্রতিকৃতি উন্মোচনের আগ মূহুর্তে ইকবাল সোবহান চৌধুরী বলেন, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি বঙ্গবন্ধুই ব্যবস্থা করে দিয়েছিলেন। দীর্ঘদিন সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়েছে, প্রেস ক্লাবে তার প্রতিকিৃতি স্থাপনের জন্য। কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। এটা সাংবাদিকদের জন্য লজ্জাজনক। আজ সাংবাদিকদের ভালবাসায় তার প্রতিকৃতি প্রেস ক্লাবে স্থাপন করা সম্ভব হয়েছে।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন,প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এজন্য সাংবাদিক সমাজ আজ গর্বিত।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আওয়ামীপন্থী সাংবাদিকরা প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবি করে আসছিলেন। এবছর আওয়ামীপন্থী সাংবাদিক নেতা ও বিএনপি পন্থী সাংবাদিক নেতাদের একাংশ নিয়ে নির্বাচন ছাড়া গঠিত সমঝোতার কমিটি জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সিন্ধান্ত নেয়।

এমএ/ কেএইচ/ এআর