নরসিংদীতে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শনিবার সকালে সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা পালবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেন সদর উপজেলার রহিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জল সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। বাগহাটা পালবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

কেএইচ