ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দিয়াজের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে তার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হল।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র সুষ্ঠ তদন্তসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন নামে ছাত্রলীগের একটি পক্ষ।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পাওয়া যায়।

পরবর্তীতে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন এতে সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর নামও রয়েছে।

এদিকে দিয়াজ ‘হত্যা’র প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। অবরোধকারীদের পাঁচ দাবির অন্যতম দাবি ছিল আনোয়ার হোসেনকে তার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অপসারণ করা।

মাসুম/নাজিব