৩ মাসের বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত তুবা গ্রুপের ১ হাজার ৬শ শ্রমিক শেষ পর্যন্ত কারখানাতেই ঈদের দিন পার করল।
ঈদের দিনেও তারা তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরণ অনশন করে যাচ্ছেন।
ঈদের দিন মঙ্গলবার রাজধানীর বাড্ডা এলাকায় তুবা গ্রুপের কারখানায় গিয়ে দেখা গেলো এমন দৃশ্য।
ঈদের দিন যেখানে পরিবার-পরিজন নিয়ে খুশিতে দিন উদযাপনের কথা সেখানে বেতন বোনাসের জন্য কারখানায় বসে রয়েছেন তারা।
কয়েকজন শ্রমিক হতাসা ব্যক্ত করে বলেন, 'এই হাত দিয়েই আমরা ব্রাজিল বিশ্বকাপের জার্সি বানিয়েছি। আমাদের হাতে তৈরি হওয়া জার্সি পড়ে খেলেছেন ব্রাজিলের খেলোয়াড়রা। অথচ আমরাই আজ নিগৃহীত!'
বেশ কয়েকজন শ্রমিক কান্না করতে করতে বলেন, আমাদের তো সব শেষ হয়ে গেছে, যতদিন যাবে যাক, আমাদের টাকা না দিলে কারখানা ছাড়বো না।
জানা যায়, তুবা গ্রুপের পাঁচটি কারখানা তুবা ফ্যাশন, তুবা টেক্সটাইল, তুবা বুকশান, মিতা ডিজাইন ও টাইপ ডিজাইন। এই সবগুলোই বাড্ডায় অবস্থিত।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর





