কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তাদের পক্ষাবলম্বনের অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় দফার পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই ধাপে মোট ৬৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিন জন প্রার্থী।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে চলে গণনার কাজ। তৃতীয় ধাপে ৬০টি পৌরসভায় মেয়র পদে নির্বাচন হয়। এর মধ্যে ৪৩টিতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। ১৪টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। ৩ টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।

এই ধাপে অনুষ্ঠিত ফেনী পৌরসভা নির্বাচনের ৯টি কেন্দ্রে একটি ভোটও পাননি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলালউদ্দিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ১ হাজার ১ ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৬৫৭ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পায়নি, ৩ নম্বর ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৮০১ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৯৮০ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, ৪ নম্বর ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি এবং ১ নম্বর ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষের প্রার্থী কোনো ভোট পাননি।

বেসরকারিভাবে ঘোষিত আওয়ামী লীগের নৌকা প্রতীকের নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৪৯ ভোট।

এমবি