কদমফুল না পেয়ে বড় বোনের সঙ্গে অভিমান করে অনিতা বিশ্বাস (১০) নামে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার বিকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব আস্কার গ্রামে এ ঘটনা ঘটে। অনিতা ওই গ্রামের অনিল বিশ্বাসের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সেলিম জানান, কদম ফুল নিয়ে অনিতা তার বড় বোন অষ্টম শ্রেণীর ছাত্রী অর্পিতা বিশ্বাসের সঙ্গে খেলছিল।
এক সময় অনিতা বড় বোনের কাছে দু’টি কদমফুল চেয়ে না পেয়ে অভিমান করে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর অনিতাকে ঘরের পেছনে আমগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম তাকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
এআর





