বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে যখন মায়ানমারের বিজিপি সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিল তখন ধ্বস্তা ধ্বস্তির এক পর্যায়ে মায়ানমারের এক সদস্য তার নাকে কামড় দেয়। তখন রাজ্জাকের নাক দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। এসক কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে নায়েক রাজ্জাককে কোন প্রকার শর্ত ছাড়াই ফিরিয়ে আনার ব্যাপরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘটনা ঘটার দিন অর্থাৎ ১৭ জুন রাত থেকে বিজিবির দুইটা নৌকায় ছয় জন সদস্য ওই এলাকায় টহল দিচ্ছিল। যাদের দলনেতা ছিলেন নায়েক রাজ্জাক। বিকাল সাড়ে ৫টার দিকে যখন তারা ফিরছিলেন তখন একটা জায়গায় কয়েকটি নৌকা এবং কয়েক জন লোক দেখতে পান। তাই আব্দুর রাজ্জাক যে নৌকায় ছিলেন সেটি ওখানে থেমে থাকে। বাকিটি চলে যায়। তখন মায়ানমার থেকে সিভিল পোশাকে একটি নৌকা তাদের দিকে আসতে থাকে ও গুলি করা শুরু করে।

মহাপরিচালক বলেন, এই ফায়ারের প্রথম গুলিটা আমাদের সীপাহি বিপ্লবের হাতে লাগে। তখন আমাদের বিজিবি সদস্যরাও গুলি করে। মায়ানমারের আরও একটি নৌকা এসে আব্দুর রাজ্জাককে ধরতে চায়। পরে ধ্বস্তা ধ্বস্তির এক পর্যায়ে নায়েক রাজ্জাকের নাকে মায়ানমারের এক সদস্য কামড় দেন। তখন তার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে এবং নায়েক রাজ্জাককে তখন তারা ধরে নিয়ে যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ঘটনা কোন প্রকার ভূল বোঝাবুঝি না। তবে উদ্দেশ্যমূলক কিনা তা বলতে পারব না। মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে রাজ্জাকের ছাড়ার ব্যাপারে জানতে চাইলে তারা বারাবার আমাদের বলেছে উপর থেকে নির্দেশ পেলেই আমারা তাকে ছেড়ে দিব।

এমআর/জেডআই