নাটোরে পুলিশ সুপারের কার্যালয়ে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার প্রায় সাথে সাথে পুলিশ সুপারের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন।
রোববার সকাল ১০টায় এই অগ্নিকান্ডের সময় পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী অফিসে ছিলেন না। পরে ঘটনাস্থলে এসে তিনি জানান, আগুনে তার কার্যালয়ের নিচতলার বেশ কিছু ফাইলপত্র পুড়ে গেছে, বিদ্যুতের সকল তার ও সামগ্রী নষ্ট হয়ে গেছে এবং কক্ষেরও বেশ ক্ষতি হয়েছে। এক মাস আগে থেকে বিদ্যুতের সমস্যা হওয়ায় বিষয়টি দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগকে আগেই জানানো হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে নাটোর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বলেছেন, পুলিশ সুপারের দপ্তর থেকে যতবার মৌখিক অভিযোগ করা হয়েছে ততবারই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এটা একটা নিছক দূর্ঘটনা মাত্র।
নাটোর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার আবু সামা জানান, আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার তিন মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
এসএইচ





