দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের দিনাজপুর-রংপুর মহাসড়কের নশরতপুর বড়ভিটায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নশরতপুর বড়ভিটায় রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী গেটলক রুবেল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঠাকুরগাঁও জেলার হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে কমপক্ষে ৫০জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে।
দিনাজপুর হাইওয়ে পুলিশ সার্জন মো. সেলিম পারভেজ জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংবাদ পাওয়া যায়নি। তাৎক্ষণিক দুর্ঘটনায় আহতদের পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।
এআর





