বগুড়ার দুপচাচিয়া উপজেলায় ৪টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, দুইটি বিদেশি পিস্তল ও ১০২৪ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ ইয়াবাসহ পৃথকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী কর্মকর্তা বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় ও দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানে নামে। দলটি বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এর পূর্ব পার্শ্বে তাওশীফ পেট্রোল পাম্প এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও ২টি ভারতীয় পিস্তলসহ ২ জনকে আটক করে।

এ ঘটনায় আটকরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধবড়া গ্রামের জমো প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম ও একই উপজেলার শেখটলা গ্রামের মৃত কাছের শেখের ছেলে শফিউল ইসলাম।

এ ঘটনায় পরিদর্শক মনিরুজ্জামান বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় এক বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ বগুড়া-নওগা সড়কের দুপচাঁচিয়া পৌর বাজারের ১০২৪ পিস ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় ট্যবলেট ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বাররসিয়া গ্রামের কায়েস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির ও একই জেলার তিনঘরিয়া গ্রামের মৃত আজমল হকের ছেলে আনোয়ার হোসেনসহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের পূর্বক শুক্রবার গ্রেফতার দেখিয়ে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই