অবশেষে বেতন পেতে যাচ্ছে তোবা গ্রুপের অনশনরত পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা। আগামী বুধবার তাদের বেতন দেয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। রোববার বিকালে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিজিএমইএ নেতারা এ ঘোষণা দেন।

বিজিএমইএ’র নেতারা জানান, আগামী বুধবার কারওয়ান বাজারের বিজিএমইএ’র অফিস থেকে গত মে ও জুন মাসের বেতন দেওয়া হবে।

সকাল ১০টা থেকে এ বেতন দেওয়া শুরু করবেন বিজিএমইএ’র কর্মকর্তারা।

এ ছাড়া জুলাই মাসের বেতন আগস্টের ১০ তারিখে পরিশোধ করবে বিজিএমইএ।

এর আগে দুপুরে বিজিএমইএ ভবনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক হয়। এ সময় মন্ত্রী আগামী দুই/একদিনের মধ্যেই তোপা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে বলেন।

এরপর বিকালে অনশনরত শ্রমিক নেতাদের সঙ্গে বিজিএমইএর নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দিন তারিখ নির্ধারণের কথা জানায় বিজিএমইএ।

ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই