রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

বুধবার বিকেলে পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিকালে মহানগরীর মণিচত্বর এলাকায় রাজশাহী কলেজের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং শুরু করে অবরোধকারীরা। এ সময় তারা দুটি অটোরিক্সা ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, ২০ দলের ডাকা অবরোধের সমর্থনে আজ বিকেলে রাজশাহী কলেজের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা চালায় অবরোধকারীরা।

এ সময় ওই রাস্তা দিয়ে আসা দুটি অটোরিক্সা ভাঙচুর করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

তবে ককটেল দুটির বিস্ফোরণ না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তাদের ধরতে পুলিশী অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

এসএইচ