ভারত থেকে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসবে আগামীকাল (২১ জানুয়ারি) বৃহস্পতিবার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ টিকা দেওয়ার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এরমধ্যে চীনও আছে।

চীন কোনও উপহার দিচ্ছে কি-না সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

এমবি