বান্দরবান জেলার লামা উপজেলায় লামা- চকরিয়া সড়কের মিরিঞ্জা নামক স্থানে অবৈধ পাথর পরিবহণকারী ট্রাক উল্টে ১ শিশুসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। এছাড়া নিখোঁজ রয়েছে দুইজন।

বুধবার সন্ধ্যায় ভূ-পৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার ফুট উপরে মিরিঞ্জায় ট্রাক নিয়ন্ত্র হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাড়ার কামাল হোসেনের মেয়ে কাজল মনি(৬), ও চকরিয়া উপজেলার মানিকপুর ভিলেজার পাড়ার মৃত করম আলীর ছেলে মোক্তার আহমদ(৬০)।

আহতরা হলেন- মোঃ বেলাল(৩৫), সাত্তার (৫৫), মোঃ মালেক(৪২)। আহতরা সবাই মিরিঞ্জা পাড়ার বাসিন্দা। ট্রাক ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামা থেকে অবৈধ পাথর নিয়ে চকরিয়াগামী ট্রাক (নরসিংদী-ড ০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের উপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় দোকানের অবস্থানরত দোকান মালিক তার পরিবারের সদস্য ও ক্রেতারা দূর্ঘটনার কবলে পড়ে। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে নেয়া হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমই