বাস চাপায় এক নিরাপত্তাকর্মীসহ তিন পোশাক শ্রমিক আহতের জেরে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল পৌণে ৮টার দিকে ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানার নিরাপত্তাকর্মী ফজলুল হক (৫০) ও অপারেটর বাবু (২৫) মহাসড়কে অবস্থান নিয়ে লাল পতাকা হাতে শ্রমিকদের রাস্তা পারাপার করছিলেন।

এ সময় চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেল ও তাদের চাপা দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় অপর একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে গেলে আরো দুই শ্রমিক আহত হয়। শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফজলুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এমআর