নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে খাস জমির দখল নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুনছুর রহমান হেবল (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে যুবলীগ কর্মীরা।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধারালো অস্ত্রসহ ৫ যুবলীগ কর্মীকে আটক করেছে। আহত হেবলকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোমিনপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মিজানের নেতৃত্বে ১০-১২ জন যুবলীগ কর্মী রাতে হেবলকে বাড়ি থেকে ডেকে পাশের রাস্তায় নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হেবলের পায়ের রগ কেটে দেন এবং কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে হেবল জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে, এ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী নেয়ার পথে তিনটি শ্যালো চালিত ভটভটি নিয়ে হামলাকারীরা আবার তার পিছু নেয়। খবর পেয়ে পুলিশ এ সময় হামলাকারীদের মধ্যে যুবলীগ কর্মী মিজান (২৭), উজ্জল (২৮), ফারুক (২০), জাহিদুর (২৫) ও শিমুল (২৩) কে আটক করে।

এ সময় আটককৃতদের কাছ থেকে চাপাতি, ছোরা, লোহার রড় ও লাঠি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় আহত হেবলের মেয়ে মরিয়ম বাদী হয়ে শনিবার সকালে ১৪-১৫ জনকে আসামী করে থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকার দলীয় নেতাকর্মীদের আভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। অপর আসামীদের আটকের চেষ্টা চলছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ