সাভারের আশুলিয়ায় গাড়ি ছিনতাইচক্রের মূল হোতাসহ ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে আশুলিয়া থানাধীন দোসাইদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ৪ ছিনতাইকারী- করিম (৪০), আব্দুল খালেক (২৭), আজহার আলী (২৮) ও শাহীন (২৩)।
পুলিশ সূত্র জানায়, ঈদ-উল আযহাকে সামনে রেখে চক্রটি দেশের বিভিন্ন স্থানে গাড়ি ছিনতাইয়ের জন্য তৎপর হয়ে উঠেছিল। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ জানতে পারে, টাঙ্গাইলের কালিহাতী থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যান আশুলিয়ার দোসাইদ বাজারে বিক্রির চেষ্টা করছে চক্রটি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায়।
এ সময় ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ন-১৬-০২৮১) ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা, টাঙ্গাইলের কালিহাতি, মাদারীপুরের মাওয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দু’শটিরও বেশি গাড়ি ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এমকে





