করতোয়া নদী থেকে পাথর উত্তোলনের সময় নদীর পাড় ভেঙ্গে পড়ে জহিরুল ইসলাম (৪৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২ পাথর শ্রমিক।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাথর শ্রমিক জহিরুলের বাড়ি ওই ইউনিয়নের কাকপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জহিরুলসহ ১১ জন পাথর শ্রমিক কাকপাড়া সীমান্তের করতোয়া নদীতে পাথর সংগ্রহ করতে যায়।
পাথর সংগ্রহের সময় নদীর পাড় ভেঙ্গে পড়ে জহিরুল মাটির নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় একই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে মানিক ওরফে ছুটকু (৩০) ও রফিকুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম ৩৫) গুরুতর আহত হয়।
অন্যান্য শ্রমিকরা আহতদের তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রধান নদীর পাড় ভেঙ্গে পাথর শ্রমিক নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এআর





