রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে গতকাল রোববার রাতের আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মোহাম্মদ আলী জানিয়েছেন, পানি ও আলোর স্বল্পতার কারণে গতকাল রাতে লাগা এই আগুন নেভাতে সময় লাগে।

গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউর জনতা টাওয়ারের পেছনের অংশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সিগারেট বা মোমবাতি থেকে টিনের তৈরি দোতলা এই মার্কেটটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২০০ দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, মার্কেটটিতে ১৮১টি দোকান ছিল। এর মধ্যে ১৭৮টিই ভস্মীভূত হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মেজর শাকিল নেওয়াজ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার ঘোষণা দেন।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এমবি