কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের দু' গ্রুপের পাল্টাপাল্টি ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার বেলা ২ টায় ওই মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্ত ১৪৪ ধারা জারির ফলে সম্মেলন হয়নি।
আমাদের সংবাদদাতা জানান, আজ সকাল থেকেই ওই স্থানে তবে থানা পুলিশের পাশাপাশি কিশোরগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ গিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
করিমগঞ্জ আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান সাইটুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের স্থান নির্ধারণ করে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন।
এর জবাবে করিমগঞ্জ উপজেলার বাসিন্দা ও কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম একই দিনে একই স্থানে ওই ইউনিয়নের সম্মেলন আহ্বান করেন। ফলে বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। একটি পক্ষ চক্রান্ত করে দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের স্বরূপ উন্মোচন করেছে।
জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আহ্বায়ক জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান না দেখিয়ে নাসিরুল ইসলাম খান নিজের ইচ্ছামতো রাজনীতি করছেন। তিনি আমাদের ধার ধারেন না। তাই দলের মঙ্গলের জন্য বাধ্য হয়ে আমরা এ ব্যবস্থা নিয়েছি।
একে





