রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেছা হলে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, আবাসন কার্ড না দেওয়া ও দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন ছাত্রীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হলে বিক্ষোভ শেষে ভাঙচুর চালায় তারা।
পরে দুপুর ১টার দিকে ছাত্রীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজের সঙ্গে দেখা করেন। এ সময় হল প্রাধ্যক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ছাত্রীদের হলে নিয়ে যান।
হলের একাধিক ছাত্রী জানান, আবাসন সঙ্কটের কারণে হলে ওঠার পর ছাত্রীদের প্রথমে গণরুমে থাকতে হয়। গণরুমে থাকা ছাত্রীদের গেস্ট কার্ড দেওয়া হয়। রহমতুন্নেছা হলের গণরুমে সিট সংখ্যা ১৫০টি। বর্তমানে ১২০ জন ছাত্রী গণরুমে আছেন। যাদের মধ্যে ১৪-১৫ জনের গেস্ট কার্ড নেই। তারা প্রায় এক বছর আগে গেস্ট কার্ডের জন্য আবেদন করলেও তাদের এখনো গেস্ট কার্ড দেওয়া হয়নি। এ ব্যাপারে হল প্রশাসনের গড়িমসির অভিযোগ করেন তারা।
এছাড়া বর্তমান প্রাধ্যক্ষ হলের দায়িত্ব নেয়ার পর থেকেই হলে বিভিন্ন অব্যবস্থাপনা হচ্ছে বলে অভিযোগ ছাত্রীদের।
ছাত্রীরা বলেন, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও হলের কর্মকর্তাদের কাছে কোনো সমস্যার বিষয়ে কথা বলতে গেলে তারা ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন।
প্রাধ্যক্ষ নিয়মিত হল অফিসে আসেন না। নিয়ম অনুযায়ী জৈষ্ঠতার ভিত্তিতে গেস্ট কার্ড দেয়ার কথা থাকলেও প্রাধ্যক্ষ নিয়ম ভেঙে নিজের পছন্দমতো ছাত্রীদের গেস্ট কার্ড ও সিট বরাদ্দ দেন।
সোমবার দুপুরে গণরুমে থাকা পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গেস্ট কার্ড না থাকায় হল থেকে বের হয়ে যেতে বলেন হল প্রাধ্যক্ষ। তাকে প্রথমে সোমবার সন্ধ্যার মধ্যে এবং পরে মঙ্গলবার সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
কিসমত জাহান নামের ওই ছাত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে হলে আছেন। প্রায় একবছর আগে তিনি গেস্ট কার্ডের জন্য আবেদন করলেও তাকে গেস্ট কার্ড দেয়া হয়নি।
হলের ছাত্রীর জানান, ওই ছাত্রীকে হল থেকে বের হয়ে যেতে বলায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করায় ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। এ ব্যাপারে তারা হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি হলে আসে নি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ছাত্রীরা গেস্ট কার্ডের জন্য আবেদন করা সবার গেস্ট কার্ড দেয়া এবং আবাসন সংক্রান্ত হয়রানি দূর করার দাবিতে হলের আবাসিক শিক্ষিকদের কক্ষের সামনে জড়ো হয়। ছাত্রীরা আবাসিক শিক্ষিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কক্ষের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ ছাত্রীদের।
সেখানে প্রায় একঘণ্টা অপেক্ষা করলেও এ ব্যাপারে কথা বলার জন্য হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজ হলে আসেননি। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রীরা আবাসিক শিক্ষিকাদের কক্ষের দরজা-জানালায় ভাঙচুর চালান।
এ ঘটনার পরও হল প্রাধ্যক্ষ হলে যাননি। পরে দুপুরে ছাত্রীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজের সঙ্গে দেখা করেন। হল প্রাধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রীদের হলে নিয়ে যান।
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজ বলেন, গেস্ট কার্ড না থাকায় ওই ছাত্রীকে বের হয়ে যেতে বলা হয়েছে। আবেদন করলেও গেস্ট কার্ড না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, সবাইকে তো গেস্ট কার্ড দেওয়া যায় না। এ ব্যাপারে হল প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি।
এ বিষয়ে রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, নিয়ম অনুযায়ী জৈষ্ঠতার ভিত্তিতে আবেদন করা সব ছাত্রীকে গেস্ট কার্ড দিতে হবে। হল প্রশাসন এবং ছাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





