বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপি।
বুধবার দুপুরে বিএনপির জেলা দক্ষিণ সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের হরি কিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নতুন বাজার ট্রাফিক মোড়ে পৌছলে পুলিশ বাধা দেয়।
মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের বাতিরকল মোড়ে পৌঁছলে সেখানেও তারা পুলিশী বাধার সম্মুখীন হয়। পুলিশ বেষ্টনীর মধ্যেই বাতিরকল থেকে নতুন বাজার মোড় এলাকায় তারা মিছিল ও পিকিটিং করে।
মিছিলে বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহাম্মদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, যুবদলের রেজাউল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।
এমকে





