কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়া পাহাড়ের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।

বিজিবির দাবি, নিহত যুবক মাদককারবারি। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যায় উপজেলার করইবুনিয়া এলাকার ধানক্ষেতের পাশে অভিযানে যান বিজিবি সদস্যরা। একপর্যায়ে পাঁচজনের একটি মাদককারবারি দল পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসে। এ সময় চ্যালেঞ্জ করা হলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।

এ সময় অন্য ইয়াবাকারবারিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে এক যুবককে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আহত বিজিবি সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজিবির দাবি, ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।

এমবি