রাজশাহী মহানগরীতে বন্ধুদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে মহানগরীর হেতমখাঁ বিদ্যুৎ অফিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের বাড়ী নগরীর হেতমখাঁ সবজিপাড়া এলাকায়। মিজানুর টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর খেলোয়াড় ছিলেন।

এ হত্যাকাণ্ডের জন্য মাধব নামে এক ব্যক্তিকে দায়ী করছেন স্থানীয়রা। মাধবের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তিনি মিজানেরই বন্ধু ছিলেন। এলাকায় সুদ আর মাদকের ব্যবসা করেন মাধব।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন হেতমখাঁ এলাকার মাধব নামের এক ব্যক্তি এসে ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মিজানুরের মরদেহের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এমবি