মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে মনিরা খাতুন ( ২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

যৌতুকের দাবীতে স্বামী জিয়ারুল মুন্সি ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানাজায়, ঘটনার পর ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। ঘাতক স্বামী জিয়ারুল রায়পুর গ্রামের হারুন মুন্সির ছেলে। নিহত মনিরা খাতুন একই উপজেলার দাতিয়াদহ এলাকার আরিফ মোল্যার মেয়ে।

নিহতের বাবা আরিফ মোল্যা দাবী করেন ৪ মাস আগে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে যৌতুক নিয়ে মনোমালিন্য চলছিল। এ ঘটনার জের ধরেই আজ সন্ধ্যার পর তাকে পিটিয়ে হত্যা করে জিয়ারুল। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। এ বিষয়ে রাত সোয়া ১০টার দিকে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস মোবাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সাইফুল্লাহ/এএস