অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে কক্সবাজারের আল হেরা হোটেল থেকে উদ্ধার করা হয়।
সেই সাথে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নগরীর মোমিন রোড এলাকার মো. শাহজাহানের মেয়ে টুম্পা জামালখান কুসুমকুমারী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তাদের বাসার পাশে একরুম ভাড়া নিয়ে থাকতো নাছির নামে সাতকানিয়া এলাকার যুবক।
গত ২৯ জুন বিকালে নাছির সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যায়। ৩০ জুন সকালে শাহজাহান বাদী হয়ে নাছিরসহ দু’জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তের দায়িত্ব পান কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মহিবুল হক।
এসআই মহিবুল হক জানান, দু'দিন ধরে মোবাইল ট্র্যাকিংয়ের পর নাছিরের কক্সবাজারে অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর মঙ্গলবার রাতে আল হেরা হোটেলে অভিযান চালানো হয়।
এ সময় স্কুল ছাত্রী টুম্পার অভিযোগের ভিত্তিতে হোটেলে অবস্থানকারী নাছিরসহ মোট চারজনকে আটক করা হয়। বুধবার সকালে অপহৃত স্কুল ছাত্রী এবং আটক হওয়া চারজনকে চট্টগ্রামে আনা হয়।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





