প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন হচ্ছে। তাদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে।

নারী-বৃদ্ধ-শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে। প্রাণভয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ছুটে আসছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। কিন্তু এতগুলো মানুষকে আশ্রয় দেওয়া আমাদের জন্য কঠিন।

তিনি বলেন, এরা তো মানুষ। তাই আমরা এদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে। আমরা চাই এরা যেন নিজ ভূমিতে ফিরে যায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকেই মিয়ানমারকে ফেরত নিতে হবে।

সোমবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা কোনো দেশের সাথেই বৈরী সম্পর্ক চাই না।

আমরা সবার সাথে বন্ধুত্ব নিয়েই থাকতে চাই। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই। আমরাতো অমানুষ হতে পারিনা।

আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু পরে তাদের সবাইকে ফেরত নিতে হবে। নিরাপদ ব্যবস্থা তৈরি করে দিতে হবে।

মিয়ানমার সরকারের উদ্দেশ তিনি বলেন, এ মানুষগুলো শত শত বছর ধরে সেখানে বসবাস করছে। কিন্তু হঠাৎ তাদের বিতাড়িত করা হচ্ছে।

তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এর ফল কি হবে তা কি তারা চিন্তা করছে? অবশ্যই মিয়ানমারকে তাদের নাগরিকত্ব ফেরত নিতে হবে।

এএস