গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাতাড়িয়ায় ২ যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

পুলিশ শনিবার বিকালে দেলোয়ার হোসেন (২৩) ও লিটন মিয়া (২৪) নামে ওই ২ ব্যক্তিকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এ সাজা দেুয়া হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল বলেন, তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। দেলোয়ার উপজেলার ভাতাড়িয়া এলাকার ইয়ার উদ্দিনের ছেলে ও লিটন একই এলাকার নাসির হোসেনের ছেলে।

তিনি জানান, দেলোয়ার ও লিটন দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে ওই ২ জন মাদক বিক্রি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বলিয়াদী বাজার থেকে তাদের আটক করে। এ সময়ে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে শনিবার বিকালে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত জাহান তাদের উভয়কে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ