মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দীন ইসলামের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলম মোস্তফা জানান, মাওয়া থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি আরেকজন আরোহী ছিল, তবে সে গুরুতর আহত নয়। মরদেহ ও মোটরসাইকেলটি হাসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

এমবি