নীলফামারীর ডিমলা উপজেলায় জমি দখল করে দিতে গিয়ে হামলা ও ভাঙচুরের দায়ে বদিউজ্জামান (২৫) ও শাহিন আলম (২১) নামে ছাত্রলীগের ২কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বাবুরহাট গ্রামের এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ভিটেবাড়ি দখল নেওয়াকে কেন্দ্র করে তাদের আটক করা হয়।
এলাকাবাসী জানান, ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের আজিজুল ইসলাম, নজরুল ইসলাম ও খায়রুল ইসলামের সঙ্গে গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
রোববার দুপুরে আনোয়ারুল ইসলাম ডিমলা উপজেলা ছাত্রলীগের কয়েক নেতাকে নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা করে দখলে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ছাত্রলীগের ২কর্মীকে আটক করে।
ডিমলা থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





