ঈদের আগ থেকেই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তুবা গ্রুপের গার্মেন্ট শ্রমিকরা আমরণ অনশন শুরু করছে। টানা ৩ দিন কর্মসূচি পর আজ বুধবার ১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন,‘মে,জুন ও জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার সন্ধ্যা থেকে আমরণ অনশন করে আসছেন তুবা গ্রুপের চারটি গার্মেন্টসের সহস্রাধিক শ্রমিক। উত্তর বাড্ডার হোসেন মার্কেটে শ্রমিকরা তাদের গার্মেন্টসের মধ্যে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন।’

তিনি আরও বলেন,‘টানা তিনদিন আমরণ অনশন করায় অন্তত ১৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদের মালিবাগ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ এখনও অসুস্থদের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

আব্দুল জলিল বলেন, ‘যদিও এই সমস্যা সমাধান আমাদের কাজ নয়, তবুও আমরা সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতোমধ্যে মালিক পক্ষ, বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এমআর