চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিখোঁজের চার দিন পর সুমি আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘনা নদীর কানুদী এলাকা থেকে পুলিশ সুমির লাশ উদ্ধার করে।

এ ঘটনায় স্বামী শাহাদাত হোসেন পলাতক হলেও তার পিতা বাবুল সরকার ও মা মাহফুজা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঈদের রাতে মতলব দক্ষিণ উপজেলার শোভনকুর্দি গ্রামের শাহাদাত তার স্ত্রী সুমিকে নিয়ে ঘর থেকে বের হয়। এরপর থেকে সুমির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার বিকালে মেঘনা নদীতে এক নারীর লাশ ভেসে উঠলে এলাকাবাসী শাহাদাতের পিতা-মাতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাতের পিতা-মাতা পুলিশকে জানায়, ছেলে শাহাদাত তার স্ত্রী সুমিকে মেরে নদীতে ফেলে দেওয়ার কথা তাদের কাছে স্বীকার করেছে।

মৃত সুমি আক্তারের জুথি নামের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে শাহাদাত হোসেনকে আটক করা গেলে।

পুলিশ সুপার সামছুন নাহার জানান, ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

কেএইচ