নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি সেখানে ফাতেহা পাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে আইজিপি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি রাজারবাগ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মো. আমির উদ্দিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেএ





