জেলার আহম্মেদপুরে আলুবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাটোর-ঢাকা মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বগুড়া থেকে ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক আহম্মেদেপুর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায় ও ট্রাকটি মহাসড়কে উল্টে যায়। এ ঘটনায় ১২ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

জেআই