দলীয় কোন্দলের কারণে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ চয়ন ইসলাম পদত্যাগ করেছেন। 

 শুক্রবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি তার পদত্যাগপত্র প্রেরণ করেন।

নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ চয়ন ইসলাম উল্লেখ করেছেন, ‘প্রায় দুই বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের অসহযোগিতার কারণে অদ্যাবধি পূর্ণাঙ্গ কমিটি করতে পারি নাই। তাছাড়া তার স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে কুক্ষিগত করে রাখা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে তার কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় অত্যন্ত বেদনার সঙ্গে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’

তার এই পদত্যাগপত্র নিয়ে বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন এমপির উপস্থিতিতে অনির্ধারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে রুদ্ধদার এই বর্ধিত সভায় এ বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি। 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভকেট কে এম হোসেন আলী হাসান পদত্যাগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই