নাটোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লেগে মিজানুর রহমান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।
বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর রেল স্টেশনের পাশের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুরের আবু তালেবের ছেলে।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে গাজীপুরে যাওয়ার জন্য মহানন্দা এক্সপ্রেসের একটি বাস রিজার্ভ করেন স্থানীয় গার্মেন্টস কর্মীরা। যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর রেল স্টেশনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিংয়ের ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মিজানুর রহমান নামের বাসের এক যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেএইচ





